প্রকাশিত: Sat, Mar 18, 2023 10:14 PM
আপডেট: Thu, Jun 4, 2026 2:18 PM

আওয়ামী লীগ সরকারের মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি: মির্জা ফখরুল

অর্ক হিরন্ময়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ প্রতিদিন শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। ব্যাংকিং খাতকে লুট করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে টুকরা টুকরা করে দিচ্ছে। রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লুট হয়ে গেছে। 

শনিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, এ দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই এ দেশকে সংস্কার করতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে যেমন এ দেশকে স্বাধীন করা হয়েছিল, তেমনি নতুন করে এর সংস্কার করতে হবে। সেজন্য আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এরপর ১০ দফার আন্দোলনের মাধ্যমে নতুনভাবে দেশকে ঢেলে সাজাতে হবে।

মির্জা ফখরুল বলেন, দেশের যে সেক্টরে যাবেন, সেখানেই দুর্নীতি। ইউনিয়ন পরিষদ কি আদালত, সবখানেই দুর্নীতি। দুর্নীতি থেকে শিক্ষা প্রতিষ্ঠানও বাদ যায়নি। সেখানেও ঘুষ দিতে হয়। একজন পিয়নের চাকরি জন্য লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়। কারণ এ সরকার জনগণের সরকার নয়। তারা ভোটচুরি করে ক্ষমতায় এসেছে। দেশের আদালত প্রাঙ্গণেও এ সরকার ভোটচুরির রূপ দেখিয়েছে। সম্পাদনা: ইমরুল শাহেদ